• ঢাকা
  • , ,
প্রকাশিত: 3 July, 2025
আপডেট : 3 July, 2025



লক্ষ্মীপুর পিডিবি’র দুই কর্মকর্তাকে অপসারণের দাবি

গ্রামীণ কণ্ঠ

লক্ষ্মীপুর: দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপসহকারী প্রকৌশলী মো. মোক্তাদিরকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্প মালিক ও বিদ্যুৎ গ্রাহকগণের ব্যানারে এ আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন  লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আবুল কালামসহ ভূক্তভোগী গ্রাহকরা।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলীদের ঘুষ ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। গত ২২ জুন হঠাৎ করেই দুই শতাধিক প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়। ঘুষ না দেওয়াতেই এসব মিটার লক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি মিটার ও ট্রান্সফর্মার ব্যবহারের নামে গ্রাহকের নিকট থেকে লাখ লাখ টাকা আদায়, এলটি সংযোগের ভয় দেখিয়ে বাড়তি অর্থ আদায়, সরকারি মালামাল বিক্রি, একক ঠিকাদারকে বার বার কাজ দেওয়া, মিটার পরিবর্তন ও সংযোগে ঘুষের প্রচলন এবং সরকারি ফ্রি সেবার নামেও অতিরিক্ত অর্থ আদায়সহ ১৬ টি অভিযোগ আনা হয়।
আগামী সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগপত্র প্রদান করা হবে বলে জানায় মানববন্ধনকারীরা। একইসঙ্গে পিডিবি অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন বলেন, ক্ষুদ্র শিল্পের নামে তারা অবৈধভাবে সুযোগ সুবিধা গ্রহণ করছিল। ক্ষুদ্র শিল্পের নিবন্ধন না থাকায় সংশ্লিষ্টদের মিটার লক করে দেওয়া হয়েছে। যারা নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারছে, তাদের মিটারের লক খুল দেওয়া হচ্ছে। মানববন্ধনের বিষয়টি শুনেছি। তবে বণিক সমিতির কেউই কখনো আমাদের সাথে এসে কথা বলেননি। তারা কোন উদ্দেশ্যে মানববন্ধন করছেন তাও বিস্তারিত জানা নেই।

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর