• ঢাকা
  • , ,
প্রকাশিত: 15 August, 2026
আপডেট : 15 August, 2026



চোর সন্দেহে দুই যুবককে মারধরের অভিযোগ একজনের মৃত্যু

গ্রামীণ কণ্ঠ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।একই স্থান থেকে জীবিত অবস্থায় মাইদুল (১৮) নামে আরেক যুবককে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দুজনই একে অপরের বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে জীবিত  অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জীবিত উদ্ধার হওয়া মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মারধর ও নির্যাতন করে। পরে তাদের মাঠের পাশে ফেলে রেখে যাওয়া হয়। ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন বলে জানান মাইদুল। তবে তাদের নাম বা বাড়ির ঠিকানা তিনি জানেন না। নিহত লাল বাদশার পরিবারের দাবি, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী।পুলিশের প্রাথমিক ধারণা, দুই যুবককে চোর সন্দেহে মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। একপর্যায়ে তাদের মাঠের পাশে ফেলে রাখা হয়। সেখানে লাল বাদশার মৃত্যু এবং মাইদুল অচেতন হয়ে পড়ে ছিলেন। তবে কী কারণে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর