• ঢাকা
  • , ,
প্রকাশিত: 16 September, 2026
আপডেট : 16 September, 2026



নাচের অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

গ্রামীণ কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে এক নৃত্যশিল্পীকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত ঘটনায় মুজাহিদ (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মুজাহিদ সরাইল উপজেলার বুড্ডা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। এসআরবি-৯ জানায়, এ ঘটনায় তিনি পলাতক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজ থেকে ভুক্তভোগী নৃত্যশিল্পীর সহযোগীর মোবাইল নম্বর সংগ্রহ করে রাকিব নামে এক ব্যক্তি ফোন করেন। তিনি ১০ সেপ্টেম্বর তার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য নৃত্যশিল্পী প্রয়োজন বলে জানান। পরে ৯ হাজার টাকা পারিশ্রমিকে নৃত্য পরিবেশনের চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভুক্তভোগী, তার এক নারী সহকর্মী ও এক সহযোগী কুমিল্লা থেকে সরাইলের উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় পৌঁছালে রাকিব তাদের গ্রহণ করেন। পরে অটোরিকশায় করে শাহবাজপুর ব্রিজের নিচে নিয়ে নদীপথে দ্রুত অনুষ্ঠানের স্থানে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়।
এসআরবি-৯-এর ভাষ্য অনুযায়ী, নৌকাটি তিতাস নদীর মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বন্ধ করে রাকিবের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নৌকার ছাউনির ভেতরে গিয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে যৌন সহিংসতা চালায়। অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগীসহ অন্যদের নাসিরনগরের গোকর্ণ এলাকার নদীর পাড়ে নামিয়ে দিয়ে অভিযুক্তরা নৌকাযোগে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সরাইল থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর