• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ মে, ২০২৫
আপডেট : ৫ মে, ২০২৫



গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই মারা গেছেন

গ্রামীণ কণ্ঠ

গাজীপুরের মোগরখাল এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হওয়া পাঁচজনের সবাই মারা গেছেন।সর্বশেষ রবিবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ১০ বছর বয়সী শিশু তানজিলা। এর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ প্রত্যেকেই মারা গেলেন।বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান বলেন,তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হচ্ছিল। রাত ১১টার দিকে সে মারা যায়।

এর আগে একই দিন সকাল ৬টার দিকে মৃত্যু হয় পারভিন আক্তারের (৪৫)। গত কয়েক দিনে একে একে মারা যান তার দেড় বছরের ছেলে আয়ান, প্রতিবেশী তাসলিমা আক্তার (৩০), তাসলিমার মেয়ে তানজিলা (১০) এবং ভাড়াটিয়া সীমা আক্তার (৩০)।

প্রসঙ্গে, গত ২৭ এপ্রিল সন্ধ্যায়, গাজীপুর মহানগরের বাসন থানার মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। দগ্ধ হন পাঁচজন।

প্রতিবেশী রোমান বলেন,একটা বিকট শব্দে ঘর কেঁপে উঠল। ছুটে গিয়ে দেখি আগুনে সবাই পুড়ছে। আগুন এত দ্রুত ছড়িয়েছিল যে কাউকে উদ্ধার করার সময়ই পাওয়া যায়নি।
পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহু পুরোনো গ্যাস লাইন ও অনিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত।

আরও পড়ুন