লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা পর্যন্ত জরাজীর্ণ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কমাতে চারলেনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।রোববার (২৭ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়।লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌরাস্তা আঞ্চলিক মহসড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় চারলেনের দাবিতে আন্দোলনে নেমেছে জনগণ।এতে বক্তব্য রাখেন- জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন বুলু, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, লক্ষ্মীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার জুলফু, সদস্য সচিব মুনছুর আহমেদ ও জেলা যুবদলের সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন প্রমুখ।এসময় পৌর শহরের বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তা সড়কটি ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র পথ। বর্তমানে সড়কটি খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটির লক্ষ্মীপুর অংশে বাস টার্মিনাল, ইসলাম মার্কেট, পুলিশ লাইনস ও জকসিন বাজার এলাকায় খুব বেহাল দশা। এসব পয়েন্টে বালু উড়ে আশপাশের পরিবেশ বিনষ্ট হয়ে পড়েছে। এ সড়কে চলাচলে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দ্রুত টেন্ডার কার্যক্রম শেষ করে চারলেন প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, সড়কটি নিয়ে যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য বিলম্ব হয়। এখন টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে লক্ষ্মীপুর-নোয়াখালী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কটি (কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক) চারলেনে উন্নতিকরণে দরপত্র আহবান করা হয়। মার্চ মাসের শুরুর দিকে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
আপনার মতামত লিখুন :