লক্ষ্মীপুর : কেন্দ্রিয় বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ চৌধুরী এ্যানি বলেছেন, বিচারের মধ্য দিয়ে এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই এখনো পর্যন্ত বিচার দৃশ্যমান না। দ্রুত বিচার করতে হবে। হাসিনার পরিবারের যারা এই দুঃশাসন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যারা ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের গডফাদার হিসেবে চিহ্নিত ছিল, অত্যাচার-নির্যাতন চালিয়ে দুঃশাসনের দেশ তৈরি করেছিল; তাদের বিচারও দৃশ্যমান করতে হবে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানউল্ল্যাপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, এরা হঠাৎ হঠাৎ ঝটিকা মিছিল করে। হঠাৎ করে এসে যদি এভাবে আবার ফ্যাসিবাদ কায়েম করে, তাহলে জনগণের দুর্ভোগ আছে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওৎ পেতে আছে। আজ পর্যন্ত জনগণের সামনে এসে ভুল স্বীকার করে নাই। উল্টো হুংকার দিচ্ছে – ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে।
ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেজন্য অন্তর্বতী সরকারকে আরও বেশি তৎপর হতে বললেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা (পূর্ব) বিএনপির সদস্য সচিব মো. মোখলেছুর রহমান হারুন।
বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পূর্ব) বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান, থানা যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :