প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২৮ জন পদত্যাগ করে নতুন কমিটি বাতিল করার জন্য দাবী তোলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দুপুরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী হাসিব গাজী, মেহেদী হাসান নিরব, নেওয়াজুল ইসলাম, তাওহীদুল ইসলাম অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটির চারটি গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যা ছাত্র আন্দোলনের মূল আদর্শের পরিপন্থী। বিক্ষুব্ধ অংশের দাবি নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন তিনি একজন “বহিরাগত” এবং আওয়ামী লীগ পরিবারের সন্তান। অপর মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ তার কোনো ছাত্রত্ব নেই এবং তিনি কিভাবে সংগঠনের নেতৃত্বে এলেন, তা নিয়েও প্রশ্ন তুলেন তারা। এ ছাড়া সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, এই কমিটি প্রত্যাখ্যান করে ইতোমধ্যে অর্ধশতাধিক সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর মধ্যে ২৮ জনই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটি এই কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ যে, রোববার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেন ও সদস্য সচিব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফি, মুখ্য সংগঠক লক্ষ্মীপুর রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইন। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ৪৭ জন, যুগ্ম-সদস্য সচিব ৫৫ জন, সংগঠক ১৬ জন, সদস্য ১১৫ জন।
আপনার মতামত লিখুন :