• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৩
আপডেট : ১০ জানুয়ারি, ২০২৩



বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা অব্যাহত থাকবে : চীনা পররাষ্ট্রমন্ত্রী

গ্রামীণ কণ্ঠ

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চলমান সাহায্য, সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার মধ্যরাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি।

তাকে বহনকারী বিমানটি সোমবার দিবাগত রাত প্রায় একঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করে। ওই সময় বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে রাত ২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির বিষয়ে কিন গ্যাংকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ঘোষণা দিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন আব্দুল মোমেন। পদ্মাসেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতার বিষয় আলোচনায় স্থান পায়।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন কিন গ্যাং। জবাবে আব্দুল মোমেন তাকে আরও বেশি সময়ের জন্য বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

উল্লেখ্য, আফ্রিকার পাঁচ দেশ ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন কিন গ্যাং। জানুয়ারির ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত তিনি এই পাঁচ দেশ সফর করবেন।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর